বিশ্বনাথে অবৈধ পেট্রোল মজুদের ভিডিও করায় সংঘর্ষ, ১২০ লিটার পেট্রোল জব্দ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে অবৈধভাবে পেট্রোল মজুদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ইলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২০ লিটার পেট্রোল জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিমপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মাহবুব আহমদ ও দবির মিয়ার ছেলে রাহীন মিয়া অধিক মুনাফার আশায় বাড়িতে ড্রামভর্তি পেট্রোল মজুদ করছিলেন। রাহীন মিয়ার চাচাতো ভাই নাঈম ওই দৃশ্য মোবাইলে ভিডিও করতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতরা হলেন— নাঈম মিয়া (২১), তার ভাই খলিল মিয়া (২৩), পিতা বাদশা মিয়া (৬০), মাতা ফুলতেরা বেগম (৫২) এবং অপর পক্ষের রাহীন মিয়া (১৯), তার পিতা দবির মিয়া (৫৮) ও মাতা ছলিমা বেগম (৪৩)।

স্থানীয় ইউপি সদস্য শেখ ফজর রহমান জানান, অবৈধ পেট্রোল মজুদের বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তেলের ড্রামগুলো তার জিম্মায় দেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশ এসে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাহবুব আহমদ ও রাহীন মিয়াকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অবৈধ পেট্রোল মজুদের দায়ে মামলা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪