সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হলে এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনও পৃথক পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। এরপর একই স্থানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় দিবসটি উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় একই অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সংবর্ধনা সভা শুরুর আগে তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।
এছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাজনক সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়।





