সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার চর ইসবপুর গ্রামের মৃত ইর্শ্বাদ আলীর ছেলে সুহেল মিয়া (৪৮) এবং বিশ্বনাথ উপজেলার ছত্তিশ রমজানপুর গ্রামের রইছ আলীর ছেলে আসমান আলী (৪০)।
এরমধ্যে সুহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে এবং আসমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ ৬টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১১ মার্চ) বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে সুহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে আসমান আলীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘ইয়াবাসহ গ্রেপ্তার সুহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার উভয় আসামিকে যথাযথ প্রক্রিয়ায় সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’






