সিলেটের বিশ্বনাথে ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে। আহতদের প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
দশপাইকা গ্রামের আহতরা হলেন— নিজাম উদ্দিন (৫৩), জুবেল মিয়া (২৮), খালেদ খান (৪৩), শানুর আলী (৪৯), বাকপ্রতিবন্ধী মাসুক মিয়া (৫১), জামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৭), চাঁদ উদ্দিন (৪৩), শাহিন খান (৪৫) ও আব্দুল আলিম (৩০)।
অন্যদিকে আনরপুর গ্রামের আহতদের মধ্যে রয়েছেন— সেলিম মিয়া (৪১), সাইদুর রহমান (৪২), আব্দুল মালিক (৪৬), স্কুলছাত্র ফয়েজ আহমদ (১৩), মান্না মিয়া (৩৪), আরকুম আলী (৪৩) ও আফজল মিয়া (২৭)।
দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ (৪২) জানান, স্থানীয় চেয়ারম্যান আরব খান এবং থানার দারোগা জহিরুল ইসলাম বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছেন। এ কারণে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
অপরদিকে আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষে তাদের গ্রামের কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকেও কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






