সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আবু জুবায়ের আহমদ বলেন, ‘পবিত্র রমজান মাসের শিক্ষা যেন শুধু এই মাসেই সীমাবদ্ধ না থাকে। আমরা যেন সারা বছর আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।’
বিশ্বনাথ পৌর ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন,
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুর রহমান বাবুল ও আব্দুল মুকসিত আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি শাহ হুসাইন আহমদ ও উত্তর সভাপতি সাঈদ আদনান।
ইফতার পূর্ব এই আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।






