বিশ্বনাথে জঙ্গল থেকে উদ্ধার নারীর কঙ্কাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপের ভেতর থেকে এক অজ্ঞাতনামা নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাসার সীমানার বাইরে থেকে এই অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে জঙ্গলে মানুষের কঙ্কাল পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে গিয়ে মানুষের মাথার খুলি, হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়। কঙ্কালের পাশেই এক গুচ্ছ লম্বা চুল পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো নারীর দেহাবশেষ হতে পারে।

উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, কয়েকদিন আগে ঘটনাস্থলের জঙ্গলটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আশপাশে বসতবাড়ি ও মানুষের চলাচল থাকলেও এতদিন সেখানে কোনো দুর্গন্ধ বা লাশ থাকার আলামত টের পাননি এলাকাবাসী।

ঘটনাস্থলে যাওয়া উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। কঙ্কালটি দেখে বেশ পুরোনো মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে, এটি একজন নারীর কঙ্কাল।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মানবদেহের কিছু কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪