সিলেটের বিশ্বনাথে বাজার দর নিয়ন্ত্রণ ও বিভিন্ন অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি।
আদালত পরিচালনাকালে পশু খাদ্য আইনসহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স ভাই ভাই মাংসের দোকানকে ৫ হাজার টাকা,
এলাহী পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং
একটি ভাসমান ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর রহমান এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি জানান, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে প্রশাসনের এই ধরণের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’





