সিলেটে নারী সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়লেন লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুমিধস জয় অর্জন করে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

সিলেটের গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন সিলেট-২, যা দীর্ঘদিন ধরে বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। এবারও ছিল ব্যাপক আলোচনায়। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন।

বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এখানে ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট হয়। এর মধ্যে বৈধ ভোট ৮৭ হাজার ১৭১ এবং বাতিল ভোট ২ হাজার ১৭০। ভোটের হার ছিল ৪৭.১৬ শতাংশ। এ উপজেলায় ধানের শীষ প্রতীকে লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট। ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩৮০ জন। এখানে ৭২ হাজার ৪৯৬টি ভোট কাস্ট হয়। বৈধ ভোট ৭০ হাজার ৩৯৭ এবং বাতিল ভোট ২ হাজার ৯৯। ভোটের হার ছিল ৪২.৪৬ শতাংশ। এ উপজেলায় লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।

সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এ আসনে বিশেষ অবস্থান তৈরি করেছিলেন। পরবর্তীতে তার রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-এর নির্দেশে রাজনীতিতে সক্রিয় হন মোছা. তাহসিনা রুশদীর লুনা। গত ১৩ বছর ধরে এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি।

এবারের নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি তিনটি নতুন ইতিহাস গড়েছেন। তিনি সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সিলেট-২ আসনের ইতিহাসে তিনিই প্রথম নারী সংসদ সদস্য। এছাড়া স্বামীর পর স্ত্রী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪