কাল ভোট, সম্পন্ন হয়েছে বিশ্বনাথের সকল প্রস্তুতি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বিশ্বনাথ উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরে সমন্বয়ের মাধ্যমে প্রিজাইডিং অফিসারদের কাছে দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, অমোচনীয় কালি, ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ শেষে তারা গাড়িযোগে নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল টিম নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

নির্বাচনের সার্বিক তদারকির জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেখান থেকে উপজেলার সব ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪