বিশ্বনাথ প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, বাংলাদেশে সমাজে সম্মান থাকলেও সাংবাদিকতা পেশাটি অর্থনৈতিকভাবে অন্যতম দরিদ্র একটি পেশা। যারা এই পেশার সঙ্গে যুক্ত হন, তারা কেবল পেশা বা অর্থের জন্য নয়, এক ধরনের নেশা ও দায়বদ্ধতা থেকেই সাংবাদিকতা করেন। যাদের বেশি অর্থের প্রয়োজন, তাদের জন্য সাংবাদিকতা উপযুক্ত পেশা নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বৃহত্তর স্বার্থে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা একাধিক প্রেসক্লাবের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। এই উদ্যোগ তিনি সিলেট থেকেই শুরু করবেন বলে জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন। ‘গাফলা’ খেলায় চ্যাম্পিয়ন হন প্রনঞ্জয় বৈদ্য অপু এবং রানার আপ হন সুজিত দেব। ‘ক্যারাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তজম্মুল আলী রাজু ও রানার আপ প্রনঞ্জয় বৈদ্য অপু। ‘লুডু’ খেলায় চ্যাম্পিয়ন হন নূর উদ্দিন এবং রানার আপ হন মাজহারুল ইসলাম সাব্বির। ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জামাল মিয়া এবং ফুটবল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন সমুজ আহমদ সায়মন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, ক্রীড়া প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এমএস হাউজিং-এর ডাইরেক্টর মাসুক মিয়া ও আশিক মিয়া।

এছাড়াও বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ক্বাজী মুহাম্মদ জামাল উদ্দিন এবং তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪