গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বনাথের যুবকের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে একটি দাওয়াতে গিয়েছিলেন শানাজ। দাওয়াত শেষে ফেরার পথে অন্য এক সহকর্মীর মোটরসাইকেল নিয়ে তিনি গোলাপগঞ্জ পৌরশহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। ধাক্কার চোটে শানাজ ছিটকে ডিভাইডারের অপর প্রান্তে মূল সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) তাকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি বর্তমানে থানায় রাখা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪