বিশ্বনাথে রড দিয়ে বরই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ আহমদ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের ধন বিবি সুপারমার্কেটের ছাদে।
নিহত সোহাগ আহমদ ওই গ্রামের হারিছ আলীর ছেলে। সে স্থানীয় দারুল হিকমাহ ইসলামিক একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোহাগ আরও দুই শিশুর সঙ্গে বরই পাড়তে ধন বিবি সুপারমার্কেটের ছাদে ওঠে। এ সময় রড দিয়ে বরই পাড়তে গিয়ে মার্কেটের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন সঞ্চালন লাইনের সঙ্গে স্পৃষ্ট হলে সোহাগ গুরুতর আহত হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বিশ্বনাথ পৌরশহরের একটি বেসরকারি চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






