সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই কিশোর-যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন পরস্পরের মামাতো ও ফুফাতো ভাই বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন—তালতলা এলাকার বাসিন্দা ইমন দাস (২১) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (১৭)। ইমন মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং দীপ্ত ইউনিভার্সেল কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে ইমন ও দীপ্ত নগরীর শেখঘাট এলাকার পাকিস্তান পয়েন্টে চা পান করতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে হঠাৎ করে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।





