সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কদমতলি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার ও ক্যাশিয়ারসহ তিনজন কর্মচারী টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে পরিচিত এক চালকের সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন তারা। হুমায়ুন রশীদ চত্বরের আগে সততা রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে আসা প্রায় ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল। তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়ে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তবে ছিনতাইয়ের সময় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন—কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা ও ক্যাশিয়ার সোহেল আহমদ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে কেবল একটি মোটরসাইকেলে নাম্বারপ্লেট ছিল, সেটিও স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত ছিনতাই।
তিনি আরও বলেন, “পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
আরোও পড়ুন:: পাঁচ দিন আগে স্থগিত হলো সিলেট চেম্বারের নির্বাচন।







