সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর শহরে চলমান যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, মাদক ও চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন পুলিশ টহল জোরদারের দাবি জানানো হয়। বক্তারা জানান, উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বিভিন্ন স্থানে মাদকের আড্ডা বসছে এবং এখান থেকেই অনেক কিশোর-যুবক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
এছাড়া বিদ্যুৎ সমস্যার বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে ভুগছেন। একদিকে বিদ্যুৎ মিলছে না, অন্যদিকে মাস শেষে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ অফিস দাবি করছে উপজেলায় কোনো লোডশেডিং নেই, অথচ বাস্তবে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রামধানা বিদ্যুৎ সাব-স্টেশন থেকে দক্ষিণ সুরমায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, কিন্তু পাশের বিশ্বনাথ উপজেলায় নেই। প্রতিদিন লাইনে কাজ চলছে বললেও এর সুফল পাচ্ছেন না গ্রাহকরা। তাই সমস্যার দ্রুত সমাধান জরুরি বলে উল্লেখ করেন তারা।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল হোসেন মেম্বার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।
আরোও পড়ুন:: একদিনের ব্যবধানে সৌদিতে ইন্তেকাল করলেন বিশ্বনাথের এক ইউনিয়নের দুই প্রবাসী





