বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা- যুবদল ও ছাত্রদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ

Ayas-ali-Advertise
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা- যুবদল ও ছাত্রদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা- যুবদল ও ছাত্রদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ।
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা- যুবদল ও ছাত্রদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা- যুবদল ও ছাত্রদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) রাতে তিনি নিজেই বাদী হয়ে বিশ্বনাথ থানায় এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান বাবুলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের আরও ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১২-১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন—আবদুল হান্নান বাবুল, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রদল নেতা রায়হান আহমদ, সুজেল মিয়া, যুবদল নেতা আবদুর রহমান, সোহাগ মিয়া, রুপা মিয়া, আমজাদ আলী, সমর আলী, রুজেল আহমেদ, কামরান আহমদ, আহমদ আলী, মইনুল আহমদ ও আবদুল আজাদ।

অভিযোগে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ২০০৩ সাল থেকে তিনি টানা চারবার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৮ এপ্রিল সকাল ১১টায় তিনি উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় অংশ নেন। সভা শেষে দুপুর ২টার দিকে তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বাসায় একটি সালিশ বৈঠকে যোগ দিতে রওনা হন। পথে উপজেলা পরিষদের মূল ফটকের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র—ছুরি, চাকু, লোহার রড ও পাইপ নিয়ে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে ঘিরে ফেলে হত্যার হুমকি দেয়। এ সময় তারা তার পকেটে থাকা এক হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় এক লাখ ষাট হাজার টাকা), ৫৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

চেয়ারম্যান আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে তাকে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আশপাশের লোকজন সহায়তায় না এলে তাকে তুলে নিয়ে গুম বা হত্যা করা হতে পারত।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের মধ্যে অনেকে গত ৪ আগস্ট পৌর শহরের আল হেরা শপিং সিটিতে সংঘটিত হামলা ও ভাঙচুর মামলার আসামি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ইউপি চেয়ারম্যান নিজের স্বার্থে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন। বিএনপি বা দলের কোনো নেতাকর্মী এ ঘটনার সাথে জড়িত নয়।”

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “চেয়ারম্যানের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪