সিলেট জেলা আ.লীগের নেতৃত্বে লুৎফুর-নাসির

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চমক দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেষ বিকেলে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ‌্যে সমঝোতা না হওয়ায় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্তের ভিত্তিতে সিলেট জেলা আওয়ামী লীগে সভাপতি হিসেবে এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট নাসির উদ্দিন খান এর নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, লুৎফুর রহমান আগে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ২০১৫ সালে তৎকালীন সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান মারা যাওয়ার পর লুৎফুর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান। এ দায়িত্বে থেকে তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানও নির্বাচিত হন।

আওয়ামী লীগের অনেকের ধারণা ছিল, বয়সের বিষয়টি বিবেচনা করে লুৎফুর রহমানকে এবার সভাপতি পদে নাও রাখা হতে। এছাড়া সভাপতি পদে আগের কমিটির সহ-সভাপতি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি দায়িত্ব পাচ্ছেন বলে জোর গুঞ্জন ছিল। আলোচনায় ছিলেন আগের কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও। তবে শেষ পর্যন্ত লুৎফুরের কাঁধেই ওঠেছে জেলার গুরুদায়িত্ব।

এডভোকেট নাসির উদ্দিন খান জেলা আওয়ামী লীগের আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি সাধারণ সম্পাদক পদে শক্তিশালী প্রার্থী ছিলেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আগের কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক ও এডভোকেট নিজাম উদ্দিন। এই তালিকায়ও ছিলেন শফিকুর রহমান চৌধুরী। তবে সবাইকে পেছনে ফেলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে যান নাসির।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪